সমুদ্রের ঢেউকে অতিক্রম করতে পারলে , তারপরেই পৌঁছানো যায় মাঝসমুদ্রে। যেখানে কোনো ঢেউ থাকে না। সমুদ্রের জল সেখানে শান্ত, স্থির , নিবিড় এবং সবচেয়ে গভীর।
আমাদের জীবনেও তাই হয় , এই যেই মানুষগুলোর সাথে আমরা জীবনের খানিকটা সময় কাটাই , তারা হলেন সমুদ্রের ঢেউ এর মতন , আসেন আবার চলেও যান , পুরোটাই বিনা অনুমতিতে , অথচ নিয়মমাফিক।
তাই আমরা যদি বারবার এই ঢেউ এর সাথেই আগু-পিছু করতে থাকি তাহলে আমাদের আর কখনো মাঝসমুদ্রে পৌঁছানো সম্ভব হবেনা। চিরকাল এই ঢেউদেরকে গালিগালাজ করেই কাটিয়ে দেব আর বলবো সমুদ্রের গভীরতা বলে কিছুই হয়না । অথচ বলুন তো সমুদ্রের কি সত্যি গভীরতা নেই ? আমরা মাঝসমুদ্র অবধি না পৌঁছেই সমুদ্রের গভীরতা কিভাবে বিচার করি ?
ঠিক তেমন আমরা যদি আমাদের জীবনে আসা ক্ষনিকের মানুষগুলোকে বেশী প্রাধান্য দিয়ে ফেলি , তাহলে তো আমরা আছাড় খাবোই ! আর তারপরে বলবো "ভালোবাসা একটা বাজে জিনিস , একা থাকাই শ্রেয় !"
আচ্ছা বলুনতো সত্যিকারের ভালোবাসা না পেয়ে বা সত্যিকারের না ভালোবেসে কি ভালোবাসার গভীরতা বিচার করা যায় ?
আমরা বেশীরভাগ সময় যেটাকে সত্যিকারের ভালোবাসা ভাবি সেটা "পুরোটা" সত্যি কখনোই হয়না। যেমন সমুদ্রের পাড়ে গিয়ে আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি পুরো সমুদ্রটাকে দেখে ফেলেছেন। সমুদ্রকে উপলব্ধি করতে গেলে আপনাকে মাঝসমুদ্রের শীতলতা, গভীরতা এবং স্থিতিশীলতাকে অনুভব করতে হবে। ঠিক তেমনই , সত্যিকারের ভালোবাসতে গেলে আগে ভালোবাসার অনেকটা গভীরে ঢুকতে হবে।
ভালোবাসা সহজলভ্য নয় , আর একবার পেয়ে গেলে তা চলে যাওয়ার জিনিস নয়। আপনাকে ঠিক ডুবিয়ে দেবে।


0 Comments